বাংলাদেশের গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে কাউন্টি কর্কে ‘জুরিস ইন’ হোটেলে আয়ারল্যান্ড আওয়ামীলীগের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত মা বোনদেরকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের নানাভাবে শোষণ করেছিলো সেটা প্রশাসন থেকে শুরু করে সামরিক বাহিনী পর্যন্ত সর্বস্তরে। আমাদের নৈতিক আন্দোলন দমনের নামে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী যার স্বীকৃতি আমাদের এখনো মেলেনি।
তারা আরো বলেন, পাকিস্তানিরা ভেবেছিলো গণহত্যা চালিয়ে আমাদের সকল দাবী দাওয়া তারা বুটের তলায় দাবিয়ে রাখবে কিন্তু ওরা বুঝেনি আমাদের একজন শেখ মুজিবুর রহমান আছেন যিনি আমাদের হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে এসেছেন।
এছাড়া স্বাধীনতা দিবসকে সামনে রেখে অনুষ্ঠানে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন আয়ারল্যান্ড আওয়ামীলীগের ওয়েবসাইট উদ্বোধন করেন। ওয়েবসাইট তৈরিতে সাহায্যকারী অলক সরকার বলেন, এখানে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সকল ধরণের খবর সন্নিবেশিত করা হবে।
ইত্তেফাক/সেতু