হুন্ডির টাকা পাচারকালে ব্যবসায়ী গুলিবিদ্ধ, ১০ লাখ টাকা জব্দ

সাতক্ষীরার লক্ষিদাঁড়ী সীমান্ত পথে ভারত থেকে হুন্ডির টাকা পাচারকালে বিজিবির গুলিতে এক হুন্ডি ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ হুন্ডি ব্যবসায়ীর নাম মো. আলিমুদ্দিন (৩২)। তিনি ভোমরা ইউনিয়নের লক্ষিদাঁড়ী গ্রামের মো. আনারউদ্দিন গাজির ছেলে।
 
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার আতাহার আলি জানান, ওই হুন্ডি ব্যবসায়ী ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে টাকা নিয়ে প্রবেশের সময় লক্ষিদাঁড়ী বিজিবির চেকপোস্টের সামনে দিয়ে ভোমরা বন্দরের দিকে আসছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। হুন্ডি ব্যবসায়ী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তার পেছন দিক থেকে পরপর দুটি গুলি করে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। বিজিবি এ সময় তার কাছে থাকা সাড়ে ১০ লাখ টাকাসহ তাকে জব্দ করে।
 
তিনি আরো জানান, এই টাকা হুন্ডির টাকা। ভারত থেকে তা পাচার করা হচ্ছিল। আহত আলিমুদ্দিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস