ডিএনসিসি’র অভিযানে ৫ হাজার বর্গফুট এলাকা জনগণের জন্য উন্মুক্ত

রাজধানীর সাত মসজিদ রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে আজ মঙ্গলবার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 
 
অভিযানকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের কাছে ফুটপাথের ওপর নির্মিত ২টি দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এখানে প্রায় ৮ফুট ফুটপাত এবং ৩ থেকে ৪ ফুট রাস্তা অবৈধভাবে দখল করে যাত্রী ছাউনিসহ দোকান ২টি নির্মাণ করা হয়েছিল। 
 
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকউজ্জামান রাজীব উপস্থিত ছিলেন। 
 
ডিএনসিসি’র এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই