গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দেশে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে শামিল হয়ে ২৬ সে মার্চ স্থানীয় সময় ভোর ৫ টায় দূতাবাস প্রাঙ্গণে প্রায় ১৫০ এর বেশী প্রবাসী একযোগে জাতীয় সংগীত পরিবেশন করেন।
জানা গেছে, ইউরোপের তীব্র শীত উপেক্ষা করে দেশপ্রেমে উজ্জীবিত প্রবাসীরা গভীর রাতে দূতাবাস প্রাঙ্গণে সমবেত হন। গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন তাদেরকে স্বাগত জানান। এই আয়োজনে গ্রীসের বাংলাদেশ কমিউনিটি সব বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবসের প্রভাতে এই উপলক্ষে দূতাবাসে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। লাল-সবুজসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত নারী-পুরুষের একযোগে জাতীয় সংগীত পরিবেশনায় দূতাবাস মুখরিত হয়ে উঠে।
দেশপ্রেমিক প্রবাসীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, মহান স্বাধীনতা দিবসের এই শুভ প্রভাতে গ্রীসের প্রবাসীরা সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে যে দেশপ্রেমের স্বাক্ষর রাখলেন তা অতুলনীয়। তিনি বলেন, দেশ গঠনের সকল পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রেখে চলছেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী মা-বোনদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি প্রবাসীদের কাছে দেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গঠনে কাজ করে যাবার জন্য প্রবাসীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরীসহ গ্রীসের বাংলাদেশ কমিউনিটির নেতারা। এর পর স্বাধীনতা দিবসের প্রভাতে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধু, তাঁর পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইত্তেফাক/সেতু