কার্স্টেনকে পেতে বিসিবির চেষ্টা

চন্ডিকা হাথুরুসিংহে যাওয়ার পর থেকে বাংলাদেশ দলের জন্য হেড কোচ খুঁজে চলেছে বিসিবি। কিন্তু এখনও হেড কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। তবে জাতীয় দলের পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। কার্স্টেনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এখনও নিশ্চিত না হলেও বিসিবির আশা আইপিএলের পর টাইগারদের পরামর্শক হিসেবে বাংলাদেশে আসবেন কার্স্টেন।
 
গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এছাড়া ব্যাটিং পরামর্শক হিসেবে আরেক দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জিকে পেতে চেষ্টা করছে বিসিবি।
 
গতকাল কোচ হিসেবে সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন জানতে চাইলে জালাল ইউনুস বলেছেন, ‘এটাতো জানেন বলা হয় না কোন সময়। চেষ্টা করছি, আপনারা জানেন যে টিম কনসালটেন্ট হিসেবে গ্যারি কার্স্টেনের নাম আগেই আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন। এবং  উনি (কার্স্টেন) আছেন আমাদের লিস্টের মধ্যে কিন্তু উনি আসবেন টিম কনসালটেন্ট হিসেবে। উনার সাথে পাকাপাকিভাবে আলাপ এখনও হয়নাই। আশা করি আইপিএলের পরে হবে।’
 
আইপিএলের পর কার্স্টেনকে পেতে আশাবাদী বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘আগের আলাপ আলোচনা অনুযায়ী তাই আছে। যেহেতু আইপিএলের পর আমাদের সাথে চূড়ান্ত একটা চুক্তি করবে সেজন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক কি হয়।’
 
বিসিবির সঙ্গে লম্বা সময়ের চুক্তি হওয়ার কথা কার্স্টেনের। সাবেক এ প্রোটিয়াস ওপেনারের কাজের পরিধি সম্পর্কে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘গ্যারি কারস্টেন টিম কনসালটেন্ট। অনূর্ধ্ব-১৯, ‘এ’ দল, পুরো ইনফ্রাচটেকচার এগুলো নিয়ে হয়তো কাজ করবে। উনি পরামর্শ দেবেন। হেড কোচ থাকবেন, কোচিং স্টাফরা থাকবেন। উনাদের সবার উপরে হেড কোচ থাকবেন।’
 
বিসিবির সঙ্গে কাজ করলেও কার্স্টেন তার চাহিদামত বিভিন্ন টি-টোয়েন্টি লিগে কাজ করতে পারবেন। জালাল ইউনুস বলেন, ‘যখন উনার এস্যাইনমেন্ট থাকবে তখন। উনি ব্যস্ত থাকলে, বাইরে এস্যাইনমেন্ট থাকলে আমরা বাঁধা দিতে পারবো না। গ্যারি কার্স্টেনের ব্যাপারটাও এখনও নিশ্চিত নয়।’
 
কার্স্টেন অবকাঠামো, ডেভলপমেন্ট প্রোগ্রাম নিয়েও কাজ করবেন। যেমনটা ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রয়াত কোচ এডি বারলো করেছিলেন।
 
জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ম্যাকেঞ্জিই বিসিবির টার্গেট। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘ব্যাটিং কনসালটেন্ট হিসেবে আমরা নিল ম্যাকেঞ্জিকে ঠিক করেছিলাম। কিন্তু এটাও এখনও নিল ম্যাকেঞ্জি কনফার্ম হয়নি। আমরা চেষ্টা করছি যে নিল ম্যাকেঞ্জি। যদি নাও হয় তাহলে আমরা অন্য জায়গায় চেষ্টা করছি ব্যাটিং কনসালটেন্ট হিসেবে।’
 
জুনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগেই হেড কোচ পেয়ে যাওয়ার আশা করছে বিসিবি। কোচ না পেলে কোর্টনি ওয়ালশকেই হেড কোচের দায়িত্বে রেখে দেয়া হবে কিনা সিদ্ধান্ত নিবে বোর্ড।
 
রিচার্ড হ্যালসল চলে যাওয়া এখন একজন ফিল্ডিং কোচও খুঁজছে বিসিবি। সহকারী কোচ পদে কাউকে নেয়া হবে না। দ্রুতই ফিল্ডিং কোচ নিয়োগ হবে বলে আশা করছেন জালাল ইউনুস। মূলত বিদেশি কোচই টার্গেট করছে বিসিবি।
 
ইত্তেফাক/কেআই