লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে কেশনা রানী (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। কেশনা রানী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি মাসান কুড়া এলাকার শ্বশধর চন্দ্রের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড় ছেলে কৃষ্ণ চন্দ্রের বিয়ের পর থেকে বউ শাশুড়ির ঝগড়া লেগেই ছিল। সামান্য বিষয় নিয়ে তাদের মাঝে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। এ অভিমানে কেশনা রানী বাড়িতে বউয়ের রান্না করা খাবার এক সপ্তাহ ধরে খাচ্ছেন না। মাঝে মধ্যে প্রতিবেশীরা ডেকে নিয়ে খাবার দিত। প্রায় সময় শাশুড়ি কেশনা রানী প্রতিবেশীদের বাড়িতে খেত। আর এ খাওয়া নিয়ে মঙ্গলবার বিকেলে ছেলে ও বউ মিলে তর্কের এক পর্যায়ে ধাক্কা-ধাক্কির ঘটনাও ঘটে। এতে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন কেশনা রানী। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জানান পুলিশ ও এলাকাবাসী।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার ও ঘটনার তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
ইত্তেফাক/এসএস