বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে মানিকগঞ্জ পৌর এলাকার পৌলীগ্রামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার  ঘটনা ঘটেছে। নিহত রাকিব হোসেন (১৭) পুরান পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুলঅ্যান্ড কলেজে দশম শ্রেণির ছাত্র ছিল। প্রেমজনিত কারণে হত্যাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে তার বন্ধু পৌলীগ্রামের মোন্নাফ মোলম ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর  করা হয়। সেখানে নেয়ার পথে রাকিব মারা যায়।
 
এলাকাবাসী জানায়, একই গ্রামের মানিকগঞ্জ মডেল হাইস্কুলের এক ছাত্রীর সাথে নিহত রাকিব হোসেন ও প্রধান অভিযুক্ত মিঠুর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে রাকিব ও মিঠুর  দুজনের মধ্যে ঝগড়া হতো।
 
মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, হত্যার ঘটনায় রাবিকের বাবা ৫জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি জনিকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি