চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে প্রায় ১৫টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র মতে, উপজেলার বরমা ইউনিয়নের শেভন্দী গ্রামে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান শুক্লাম্বর দিঘী সংলগ্ন জেলে পাড়ায় গতকাল সন্ধ্যায় রাজিব জলদাশের বসতঘর থেকে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী পরিক্ষিত জলদাশ, উষা জলদাশ পাখি জলদাশ, সুনিল জলদাশ, রতন, সুজিত, শক্তি জলদাশ, ঝিনুক জলদাশ, অজিত জলদাশ, সজিতজলদাশ, বিমল জলদাশ, অনিল, বিমল ও নির্মল জলদাশের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আনোয়ারা ও পটিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় বাসিন্দারা দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ পরিক্ষিতের স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা সাখী জলদাশ ইত্তেফাককে জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আমি অসুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে অক্ষমবস্থায় ৪ বছরের সন্তানসহ কোন রকমে ঘর থেকে বের হয়েছি। আমার পরিবারের কোন আর সহায় সম্বল নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে এরকম কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার লুৎফুর রহমান ও বরমা ইউপি চেয়ারম্যান নরুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জেলে পাড়া পরিদর্শন করেন।
ইত্তেফাক/এসএস