স্থানীয় সময় বুধবার দুপুর ১২টায় কানাডার টরন্টো ডাইন টাউনের কুইন্স পার্কস্থ অন্টারিও পার্লামেন্ট ভবন চত্বরে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা। বিসিসিএসের পক্ষে মিসেস হাসিনা কাদেরের পরিচালনায় পতাকা উত্তোলন করেন কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান।
এসময় উপস্থিত সবাই আবেগঘন কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। অনুষ্ঠানে অন্টারিও পার্লামেন্টের লিবারেল এমপিপি আর্থার পট ছাড়াও কনজারভেটিভ ও এনডিপির প্রতিনিধি এবং ডেপুটি স্পিকার বক্তব্য রাখেন। এসময় গণ্যমান্য প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর অন্টারিও সরকার মার্চ মাসকে 'হ্যারিটেজ মান্থ অফ বাংলাদেশ' ঘোষণা দিয়েছে! তারই প্রতিফলন ঘটলো এই তৃতীয় বারের মতো লাল-সবুজ পতাকা উত্তোলনের মাধ্যমে।
কানাডার মূলধারায় বাংলাদেশের দিবসগুলো নানাভাবে গুরুত্ব পাচ্ছে। ইতোপূর্বে, গত ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেয়র জন টরি ড্যানফোর্থে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশি অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্ট এর এমপি বিল ব্লেয়ার, বিচেস-ইস্ট ইয়র্ক এর এমপি ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, সাবেক মন্ত্রী মারিয়া মিন্না, বিচেস-ইস্ট ইয়র্ক এর এমপিপি আর্থার পটস, ওয়ার্ড কাউন্সিলর জ্যানেট ডেভিস। এসময় টরন্টোর মেয়র ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্রকলেমেশন’ পাঠ করেন। এবং সেদিনই টরন্টো সিটি হলে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মেয়র একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের বিষয়টি উল্লেখ করে বলেন, টরন্টোর টেইলর ক্রিক পার্কে তা নির্মাণের জন্য টরন্টো সিটি ইতোমধ্যেই জায়গা অনুমোদন দিয়েছে। এখন শুধু কার্যকরী হবার অপেক্ষায়।
ইত্তেফাক/এসএস