বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল উদ্দিন ওরফে শরাফত (৫৪) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। নিহত দিনমজুর উপজেলার হাসাপোটল গ্রামের মগরব হোসেনের ছেলে। গতকাল বুধবার রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল গ্রামের মগবর আলীর ছেলে জামাল উদ্দিন ওরফে শরাফত ও তার ভাই সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী ইছান মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম ও তার ভাই নুরুল ইসলামের বাড়ির সীমানায় ৩ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
এ অবস্থায় গতকাল সকাল ৭টার দিকে জামাল উদ্দিন ও তার ভাই সাইফুল ইসলাম বিবদমান ওই জায়গায় সীমানা নির্ধারণ করছিল। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলাম ও তার ভাই নুরল ইসলাম বাধা দেয়। এ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলামের উপর্যপুরি ছুরিকাঘাতে জালাল উদ্দিন আহত হয়। এ সময় জালালকে রক্ষা করতে গিয়ে সাইফুল ইসলামও প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আহত জামাল ও সাইফুল ইসলামের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে রফিকুল ও নুরুল ইসলাম পালিয়ে যায়। পরে আহত জামাল ও সাইফুলকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাৎক্ষনিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টার দিকে জামাল উদ্দিন ওরফে শরফত মারা যায়। এছাড়া আহত সাইফুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধুনট থানার উপপরিদর্শক মুনজুরুল হক ভুইয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসএস