ভাণ্ডারিয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে নবাগত পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। তিনি এসময় উপজেলা পরিষদ সভাকক্ষে সেখানকার সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, খান এনামুল করিম, হুমায়উন কবির, ওসি তদন্ত সেখ আউয়াল কবির।
মতবিনিময় সভায় প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেন, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু'র বলিষ্ঠ নেতৃত্বের জন্য এ এলাকার মানুষ অনেক ভালো আছে। তিনি আরো বলেন, সরকারের ২০৪১ সালের ভিশনের প্রত্যাশা পূরণে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে স্ব স্ব অবস্থান থেকে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্য দিয়ে এক হয়ে কাজ করতে হবে। বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট শিক্ষক সংকট রয়েছে। তা মোকাবেলা করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের অবহিতকরণ সভা বাড়াতে হবে এবং তাদের সাথে পরামর্শ করে নিজেদের অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার উন্নয়ন বাড়ানোর পরামর্শও দেন তিনি। এছাড়াও এলাকার উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ বিষয়ে সকলকে আন্তরিক হতে হবে।
এর আগে জেলা প্রশাসক ভাণ্ডারিয়া থানা, স্থানীয় ভূমি অফিস পরিদর্শন ও স্থানীয় বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এক অনুষ্ঠানে অংশ নেন।
ইত্তেফাক/এসএস