পরিবারের সবাইকে অচেতন করে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরের রাজৈরে পরিবারের সবাইকে অচেতন করে স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার হোসেনপুর গ্রামে।
 
বৃহস্পতিবার এ ব্যাপারে ৪জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় বাড়ির পাশে ইউসুফ লস্করের ছেলে রোমান লস্কর (২৪) প্রায় তাকে উত্ত্যক্ত করত এবং খারাপ প্রস্তাব দিত। ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখান করায় রোমান ক্ষিপ্ত হয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর বান্ধবী তন্নী আক্তারকে দিয়ে জুসের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সকলকে খাওয়া। সকলে অচেতন হয়ে পড়লে রোমান তার সহযোগিদের সহায়তায় ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরের দিন সোমবার সকালে প্রতিবেশীরা ওই পরিবারের সকলকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতলে ভর্তি করে।
 
ধর্ষণের অভিযোগ থাকায় ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকের পরিবার গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে। কিন্তু মীমাংসা না হওয়ায় রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা করে। ওসি সিরাজুল হক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি