চরফ্যাশনে গৃহবধূকে হত্যা, স্বামীসহ আটক ৪

চরফ্যাশনে ২ সন্তানের জননী গৃহবধূ জাহানারা বেগমকে (২৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে নিহতের স্বামীর গৃহে এ হত্যার ঘটনা ঘটেছে।
 
পুলিশ রাতেই ওই ঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাদের জন্য আটক করেছে স্বামী সহ ৪ জনকে। আটককৃতরা হলেন- নিহতের স্বামী মাহাবুব আলম, শ্বশুর মন্নান মাঝি, শাশুড়ি মোর্শেদা বেগম এবং দেবর ইব্রাহিম।
 
এদিকে ঘটনার পর থেকে নিহতের ছয় বছরের শিশু আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নিহতের বাবা সৈয়দ আলী চৌকিদার জানিয়েছেন।
 
স্থানীয়রা জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা মাহাবুব আলমের ঘরে হানা দেয়। দুর্বৃত্তরা নিহতের স্বামী মাহাবুব আলমকে ঘর থেকে বের করে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায় এবং স্ত্রী জাহানারাকে জবাই করে হত্যা করে। ঘটনার পর থেকে জাহানারার শিশু সন্তান আবিরকে পাওয়া যাচ্ছে না।
 
চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, হত্যার রহস্য উদঘাটন এবং নিহতের নিখোঁজ শিশু সন্তানকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের স্বামী মাহাবুব, শ্বশুর মন্নান মাঝি, শাশুড়ি মোর্শেদা এবং দেবর ইব্রাহিমকে জিজ্ঞাসাদের জন্য আটক রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস