বাসায় ঢুকে পড়া শিয়াল উদ্ধারে ফায়ার সার্ভিস

রাজধানীর উত্তরায় শুক্রবার দুপুরে একটি পাগলা শিয়াল নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাসায় ঢুকে পড়ে। পরে  ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে বাসা থেকে শিয়ালটি উদ্ধার করেছে।
 
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৮১ নম্বর বাড়ির নিচ তলায় একটি পাগলা শিয়াল নিরাপত্তা কর্মীর চোখ ফাঁকি দিয়ে বাসায় ঢুকে পড়ে। বাসায় ঢুকে শিয়ালটি দৌড়াদৌড়ি করতে থাকে। বিষয়টি দেখে বাসার লোকজন আতংকিত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা বাসার বাইরে চলে যায়। তারপর বাসার লোকজন ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করে শিয়ালটি তাড়াতে না পেরে ৯৯৯ নম্বরে কল দেন । ৯৯৯ থেকে সংবাদ দেয়া হয় উত্তরার ফায়ার সার্ভিসকে ।  তারপর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বাসা থেকে পাগলা শিয়ালটি ১ ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার করে। শিয়ালটি উত্তরা ১৮ নম্বর সেক্টরের খোলা  স্থানে ছেড়ে দেয়া হয়। 
 
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে শিয়ালটি জীবিত উদ্ধার করেছে। শিয়ালটি যাতে মানুষকে আক্রমন করতে না পারে সেদিকে খেয়াল রাখা হয়। শিয়ালটি উদ্ধার করায় বাসার লোকজন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি