ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এসময় একটি দোকান ভাংচুর করা হয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডার সবুজবাগ এলাকার রহমত পাড়ার মো. জমসেদ মিয়ার পুত্র সাগরকে (১৬) ক্রিকেট খেলা কেন্দ্র করে মারধর করে একই এলাকার মেহেদী। এ ঘটনার পর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাকিল (২৮) তাদের জিজ্ঞাসা করতে গেলে মেহেদী, জীবন, ডেঙ্গা জুয়েল, পারভেজ, ফারুকসহ কয়েকজন সবুজবাগের ইউসুফ মিয়ার চায়ের দোকানে তাকে বেধড়ক দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গিয়ে মো. জমসেদ (৪০) ও আমিন (২৫) আহত হয়। এসময় ওই চায়ের দোকানও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত শাকিলকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
 
আহত শেখ শাকিলের মা হাজেরা বেগম জানান, দুপুরে দীঘির পাড় মাঠে ক্রিকেট খেলার সময় তার বড় নাতি সাগরকে মেহেদী মারধর করে। এ খবর শুনে শেখ শাকিল ঘটনাস্থলে গেলে তারা শাকিলকে চাপাতি দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। এসময় তারা ২ রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতংকের সৃষ্টি করে। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/এমআই