চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শনিবার শাহবাগে মহাসমাবেশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আগামীকাল শনিবার (৩১ মার্চ) রাজধানীর শাহবাগ চত্বরে  মহাসমাবেশ করবে আন্দোলনকারীরা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর ব্যানারে চাকরিপ্রার্থীরা এ মহাসমাবেশের আয়োজন করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়কারী সঞ্জয় দাস।
 
মহাসমাবেশ থেকে সাধারণ ছাত্রদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি করতে সরকারের কাছে জোর দাবি জানানো হবে। এদিকে দাবি আদায় না হলে, সারাদেশে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।
 
সরকারি চাকরিতে ঢোকার বসয়সীমা ৩৫ বছর করার দাবিতে গত ২৪ মার্চ ঢাকাসহ বিভিন্ন জেলা সমূহে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকে সাধারণ ছাত্রদের ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীতকরার দাবিতে সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের র‌্যালিতে পুলিশি হামলা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়েছিল।
 
চাকরি প্রত্যাশীদের অভিযোগ, পড়াশোনা পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়-কলেজগুলোয় সেশনজটের কারণে ছাত্রজীবনের একটা বড় সময় নষ্ট হয়ে যায়। স্নাতক পাস করতে করতে বিসিএস পরীক্ষায় অংশ নেয়া হয়ে উঠে না অনেকের। আবার প্রস্তুতি নিতে নিতেই সময় শেষ হয়ে যায়। এ কারণে সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছে তারা।
 
আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের বক্তব্য, গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭ বছর, যখন ৫০ বছর ছাড়ালো, তখন প্রবেশের বয়স ৩০ হলো। বর্তমানে গড় আয়ু ৭১ হলে চাকরিতে প্রবেশের বয়স কত হওয়া উচিৎ? ২২ লাখ চাকরিজীবীর বেতন তুলনামূলক হারে বাড়িয়ে পাশাপাশি ২২ লাখ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলে এবং অবসরের বয়স ২ বছর না বাড়িয়ে সুযোগ করে দিলে কী এমন ক্ষতি হতো?
 
 
ইত্তেফাক/ইউবি