‘কৃষকের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সবকিছু করছে সরকার’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সবকিছু করছে। 
 
তিনি বলেন, রাজশাহীর চারঘাট-বাঘা একটি আম সমৃদ্ধ এলাকা এবং এই আম এলাকার মানুষের অর্থ উৎপাদনকারী  ফসল। ইতিমধ্যেই  অত্র এলাকায় ব্যাগিং পদ্ধতিতে আম চাষ শুরু হয়েছে। আর এই ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করে দ্বিগুণ অর্থ উপার্জন করা যাবে। 
 
শুক্রবার চারঘাট উপজেলা প্রশাসনের  আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) সহযোগিতায় (এঅচ) এর মাধ্যমে আম উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও রপ্তানী বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর চারঘাট বাঘার আম এখন উন্নত পদ্ধতিতে  উৎপাদন হচ্ছে। রাজশাহী অঞ্চলের আম যেন দেশের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এ আম বিদেশে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যাতে আরো শক্তিশালী করা যায় ইতোমধ্যে সরকারের সেসকল পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। 
 
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে এস এম ই এর কনসালট্যান্ট ড. সালেহ আহম্মেদ, প্রকৌশলী খালেকুজ্জামান, আম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. হালিম রেজা, চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি