কালবৈশাখী ঝড়ে আহত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন মুসা মারা গেছেন। আজ শনিবার সকাল পৌনে ৭টায় ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুসার রাজনৈতিক সহকর্মী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগেরসহ সভাপতি রশীদ আহমদ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কাজির বাজার সেতু পারাপারের সময় ঝড়ের হাওয়ায় উড়ে নিয়ে যাওয়া একটি চটপটির গাড়ি মূসার মোটরসাইকেলের উপর এসে আছড়ে পড়েন। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান সেখানে থাকা শাবির দুই শিক্ষার্থী। ওসমানীতে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও রক্ত বন্ধ হচ্ছিল না। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার পরামর্শ দেন।
ওসমানী হাসপাতালের আইসিইউতে সিট খালি না থাকায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বেলা দেড়টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান মুসা। বাসস
ইত্তেফাক/কেকে