আলমডাঙ্গার পশুহাট সড়কে কোন ডাক্তার ও প্রশিক্ষিত নার্স ছাড়ায় চলছে ‘মা ক্লিনিক’ নামের একটি হাসপাতাল। ক্লিনিকটিতে কোন ডাক্তার নেই, নেই কোন নার্স। পুরো ক্লিনিক চলছে একজন আয়া দিয়ে।
ক্লিনিকের ভেতরের এই চিত্র ভেসে উঠেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিদর্শনে। শনিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্যুরোর ন্যাশনাল হাইজিনের তথ্য সংগ্রহকারী সৈয়দ জাফর সাদেক এ তথ্য জানান।
ক্লিনিকের মালিক ওষুধের দোকানী আনোয়ার হোসেন জালাল জানান, তার ক্লিনিকে প্রশিক্ষিত নার্স রয়েছে। অন্য ক্লিনিকের মতো ডাক্তার এসে রোগীর অপারেশন করে যান। পরে দেখাশোনা করে আয়া তাহমিনা।
পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে ক্লিনিক মালিককে প্রশ্ন করা হয়, আপনার ক্লিনিকে মাসিক বেতনভুক্ত কোন ডাক্তার আছে কিনা? তিনি জানান, নুসরাত রওরীন সেতু নামের একজন এমবিবিএস ডাক্তার মাসিক বেতনে ক্লিনিকে চাকরি করেন। জানতে চাইলে ডা. নুসরাত জাহান জানান, তিনি ওই ক্লিনিকে মাসিক বেতনে চাকরি করেন না।
পরে নার্সকে ডাকা হলে তাহমিনা নামের একজন এসে হাজির হন। তাকে জিজ্ঞাসা করা হয় কোন প্রতিষ্ঠান থেকে নার্স ডিপ্লোমা করেছেন? তাহমিনা জানান, তিনি কোন প্রতিষ্ঠান থেকে নার্স বিষয়ে কিছু শেখেন নি। পরবর্তীতে তাহমিনা স্বীকার করেন তিনি একজন আয়া। সৈয়দ জাফর সাদেক বলেন, ক্লিনিকটি চলছে একজন মাত্র আয়া দিয়ে। সেই আয়াই নার্স আবার ডাক্তারের কাজ করছেন।
ইত্তেফাক/আরকেজি