সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই ২০১৮ সালের মধ্যে সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। সেই লক্ষ্যেই কাজ করছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর, লক্ষীপুর ও লাউজানী গ্রামের বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মনির বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালের ক্ষমতায় থাকা অবস্থায় ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই বিদ্যুৎ উৎপাদন করে সারাদেশের উন্নয়নের চিত্র পাল্টে দিয়েছেন।
তিনি বলেন, ‘২০০১ সালে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ৪২শ’মেগাওয়াট। খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতা আসার পর ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন ১ হাজার মেগাওয়াট কমিয়ে ৩২শ’ মেগাওয়াটে নামিয়েছিল। আর আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার মেগা ওয়াটেরও বেশি।’
মনিরুল ইসলাম বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় আনবে। কারণ জনগণ জানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে বেকারদের কর্মসংস্থান হয়। বিধবারা ভাতা পায়, মুক্তিযোদ্ধারা বিশেষ মর্যাদা পায়, ভাতা পায়। অসুস্থ মানুষ চিকিৎসা পায়। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পায়। রাস্তাঘাটের উন্নয়ন হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাই দেশবাসী আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবে বলে আশা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
IMG0
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলার ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক পিপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহীন উল কবীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছা পুজা পরিষদ সদস্য অশোক কুমার দত্ত, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, তবিবর রহমান উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা তোতন মোড়ল, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, জব্বার আলী, ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হজরত আলী মন্টু প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইনের ২০৫টি পরিবারের মাঝে বিদ্যুৎ উদ্বোধন করা হয়।
ইত্তেফাক/ইউবি