জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেসের চলন্ত ট্রেনের ছাদে শনিবার বিকেলে কিশোর খুন হয়েছে। অজ্ঞাত কিশোরকে হত্যার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহ জংশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেসের চলন্ত ট্রেনের ছাদ থেকে জানালা বেয়ে রক্ত পড়তে দেখে যাত্রীরা কর্তব্যরত জিআরপি পুলিশকে অবহিত করেন। বিকেলে ফাতেমা নগর স্টেশনে ট্রেনটি থামিয়ে পেছনের বগির ছাদ থেকে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের বুলবুল (১৭), গৌরীপুর উপজেলার নয়াপড়া গ্রামের ফরিদুল ইসলাম (২৩), শেরপুর জেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফারুক (২৪), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের ফাইজুলকে (২২) আটক করে। ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছার পর পুলিশ লাশটি জিআরপি ফাড়িঁতে হস্তান্তর করে। নিহত কিশোরের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের শার্ট।
গফরগাঁও জিআরপি ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে ট্রেনের ছাদ থেকে চার যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি