কলেজের জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলের ঐতিহ্যবাহী গোবরা মিত্র কলেজের জমি জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার গোবরা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

গোবরা মিত্র কলেজের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে গোবরা বাজারে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধনে বক্তব্য রাখেন, গোবরা মিত্র কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন মোল্যা, কাজী ওমর ফারুক, প্রকাশ চন্দ্র হালদার, মাহামুদুল হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৯৪ সালের ৪ সেপ্টেম্বর নড়াইলের গোবরা মিত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজের মাধ্যমে ২ একর ৮৫ শতক জমির উপর নির্মিত কলেজের জমির মধ্যে ৪৬ শতক জমি পার্শ্ববর্তী রবিউল ইসলাম দখল করে নেওয়ার পাঁয়তারা করছে। কলেজের শিক্ষকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও বক্তারা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপের মাধ্যমে ঐতিহ্যবাহী গোবরা মিত্র কলেজটিকে রক্ষা করার দাবি জানান। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/নূহু