আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে সেলিম মিয়া (১৭) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের সঙ্গে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল দুপুর পৌনে ২ টার পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান পায়নি। তবে মেঘনা বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খাগকান্দা নৌ ফাঁড়ি ইনচার্জ আনোয়ার হোসেন।
তিনি বলেন, চাঁদপুর জেলার মতলব উপজেলা লেংটা পাগলার মাজারে ওরশ শেষে ট্রলারযোগে আজ সকালে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর টেটিয়া এলাকা পৌঁছলে ট্রলার থেকে হঠাৎ মেঘনা নদীতে পড়ে যান। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডুবুরিদল তাদের যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ ছাত্র সেলিম মিয়ার সন্ধান পাওয়া যায়নি। সেলিম মিয়া উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মনপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে