কক্সবাজারের চকরিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (২০) নামে এক ধর্ষক নিহত হয়েছে। শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় ওই উপজেলার ডুলাহাজার উলুবনিয়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ২টি খোসা জব্দ করা হয়।
সূত্র জানায়, ২৬ মার্চ দুপুরের দিকে নিহত রহিম চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। তার বিরুদ্ধে ২৮ মার্চ থানায় একটি মামলা করে ভিকটিমের স্বজনরা। র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বিরুদ্ধে চকরিয়া থানায় শিশু ধর্ষণের মামলা রয়েছে। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি