ঝিকরগাছায় সতীনপুত্রের হাতে সৎ মা খুন

যশোরের ঝিকরগাছায় সতীনপুত্রের কুড়ালের আঘাতে সৎ মা খুন হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার পৌরসদর কিত্তীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আনোয়ারা বেগম (৪০) ওই গ্রামের মশিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর সতীনপুত্র আবু হুরায়রা মিম (১৬) থানায় আত্মসমর্পণ করেছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, রবিবার রাতে সৎ মা আনোয়ারা ও সতীনপুত্র আবু হুরায়রা মিমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিম উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে আনোয়ারাকে কুপিয়ে জখম করে। তাকে মুমুর্ষূ অবস্থায় প্রতিবেশিরা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, হত্যাকাণ্ডের পর আবু হুরায়রা মিম থানায় এসে আত্মসমর্পণ করেছে। ‘সৎ মায়ের নির্যাতন’ সইতে না পেরে সে ‘রাগের মাথায়’ এ কাজ করেছে বলে পুলিশের কাছে দাবি করেছে।

ইত্তেফাক/নূহু