ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬টি কেন্দ্রে ৫টি ভেন্যু মিলে ১১টিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিন শেষ হয়েছে। ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে হিমশিম পড়েছেন থানা কর্তৃপক্ষ। পরীক্ষার আগেরদিন পর্যন্ত ভেন্যু কেন্দ্র পরিবর্তন ও কলেজ অধ্যক্ষকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার ঘটনাও ঘটেছে।
জানা যায়, উপজেলায় ১১টি কলেজ ও ২টি স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছর পর্যন্ত বোর্ড ৫টি কেন্দ্র অনুমোদন দেয়। অনুমোদিত কেন্দ্রে যে সকল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাও নির্ধারিত করে দেন বোর্ড কর্তৃপক্ষ।
ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণ না হওয়ায় টানা আন্দোলনে শিক্ষকসহ ২ জনের প্রাণহানিতে এ কলেজের শিক্ষার্থীরা প্রতিপক্ষ বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায়। ২০ মার্চ ভেন্যু পরিবর্তনের ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের দাবীতে বিক্ষোভ শেষে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। ২৯ মার্চ ভেন্যু নিশ্চিতের দাবীতে ৪ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে, অবশেষে পরিবর্তন জেনে অবরোধ তুলে নেয় তারা।
৩১ মার্চ শনিবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ফুলবাড়ীয়া কলেজ ভেন্যু কেন্দ্র পরিবর্তনের ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দিলে পরীক্ষার আগেরদিন রবিবার বিকেলে ভেন্যু কেন্দ্র পরিবর্তনের চিঠি আসে ইউএনও অফিসে। তড়িঘড়ি করে রাত ১টার সময় পরীক্ষার প্রস্তুতি শেষ করে সংশ্লিষ্টরা। পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় ফুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইদুল হক। মাদ্রাসা কেন্দ্রের আওতাধীন ৮টি মাদ্রাসা হতে ৩৯১ জনের মধ্যে ৩৮৯ জন অংশ নিয়েছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, এসআই ও এএসআই থানায় কর্মরত ১১জন। পরীক্ষা কেন্দ্রের জন্যে প্রয়োজন ১১জন। অথচ ডিউটি অফিসার ও জরুরি ডিউটি অফিসারের জন্য আরও প্রয়োজন অন্তত ২ জন। প্রতি কেন্দ্রে ১ জন অফিসার ও ১ জন কনস্টেবল দিয়ে চলেছে পরীক্ষা।
ইত্তেফাক/এসএস