সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, রামদাসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকা থেকে ওই ৬ ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলো- মোঃ রনি (২২), সবুজ (২০), সুজন (১৬), আকাশ (২১), অন্তর (১৬) ও কামাল (২৫)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম মাইনুল ইসলাম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ ৬ ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল বাশার জানান, আটককৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘ দিন ধরে এই চক্রের সদস্যরা মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/রেজা