নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে সোমবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল: নগরীর কালিবাড়ি রোডে সমাজসেবা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাব্বির ইমাম, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু প্রমুখ।
গোপালগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর মল্লিক।
পিরোজপুর: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কাউট ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। এ সময় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট সরোয়ার হোসেন, নিজাম সরদার, মাহমুদ হোসেন শুকুর প্রমুখ।
মাদারীপুর: স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তাপস ফলিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
মাগুরা: শহরে র্যালি বের করা হয়। র্যালি কালেকটরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
বাগেরহাট: বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্র থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবাসন কেন্দ্রে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফা প্রমুখ।
ঝিনাইদহ: জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ: বিভাগীয় শহর ময়মনসিংহে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। র্যালিতে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. হায়দর আলী প্রমুখ অংশগ্রহণ করেন।
নেত্রকোনা: নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সার্কিট হাউজ থেকে র্যালি শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
কিশোরগঞ্জ: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের উদ্যোগে জেলা শহরে র্যালি বের হয়। পরে শিশু পরিবার(বালক) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিক্যাল কলেজের উদ্যোগে শোভাযাত্রা ক্যাম্পাস ও কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিক্যাল কলেজের হলরুমে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার এসএম মুসতানজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আশাদুর রহমান শামীম।
গাংনী (মেহেরপুর): গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দীলিপ কুমার সেন, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/নূহু