নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ কলেজ ছাত্র সেলিম মিয়ার লাশ ৩দিন পর আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনরা ৩ দিন খোঁজার পর উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সোনাকান্দা চরে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে খাগকান্দা নৌফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে।
এর আগে রবিবার সকালে চাঁদপুরের মতলব উপজেলা বেলতলির লেংটা পাগলার মাজারে অনুষ্ঠিত ওরশ শরীফ থেকে ফিরছিলেন সেলিম। পথে ট্রলারযোগে মেঘনা পার হওয়ার সময় উপজেলার টেটিয়া এলাকায় হঠাৎ নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। সেলিম মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা জালালউদ্দিন মিয়া ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের বাবা জালালউদ্দিন বলেন, অভাব-অনটনের সংসারে লেখাপড়ার পাশাপাশি সেলিম কালিরহাটে মুদি দোকানে বসে তাকে সহযোগিতা করতো। শনিবার বন্ধুদের সাথে বেলতলির লেংটার মাঝারে যাওয়ার বায়না ধরলে প্রথমে নিষেধ করি। শেষ পর্যন্ত সেলিমের অতিরিক্ত আগ্রহের কারণে যাওয়ার অনুমতি না দিয়ে পারিনি।
খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধারের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেঢের সাথে আলাপ করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/এসএস