লাকসামে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কুমিল্লার লাকসামে ইয়াবা ব্যবসায়ী শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন মুরাদকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ গতকাল সোমবার রাতে শহরের গাজীমুড়া এলাকা থেকে ওই শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগী ইয়াবা ব্যবসায়ী মানিককে আটক করে। আজ মঙ্গলবার আটককৃতদের মাদক আইনে গ্রেফতার দেখিয়ে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
 
লাকসাম থানা পুলিশ জানায়, ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ শহরের গাজীমুড়াস্থ শীর্ষ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে আসামি মুরাদ এবং মনিককে পুলিশ আটক করে। এ সময় তাদের অপর সহযোগী জুয়েল পালিয়ে যায়। পুলিশ এ সময় আটককৃত আসামিদের হেফাজতে থাকা ২০টি এয়ার টাইট পলি প্যাকেটের ভিতরে রক্ষিত চার হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৯৩হাজার ৭শ' ৭০ টাকাসহ আসামিদের আটক করে থানায় নিয়ে আসে।
 
লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ জানান, গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে অস্ত্রসহ মাদক আইনে মোট ১৪টি মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার আটককৃতদের মাদক আইনে গ্রেফতার দেখিয়ে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস