বাগেরহাটের ফকিরহাটে মুক্তিপণের দাবীতে স্কুলছাত্রকে নাটকীয় অপহরণের একদিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করছে পুলিশ।এঘটনায় থানায় মামলা দায়ের হলে আজ মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেল রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের পাচুলি গ্রামের মো. আলাউদ্দিন ফকিরে ছেলে এফএম সাকিব সৈকত ফকিরহাটে সাজুয়া কম্পিউটারে কোচিং শেষে মোটরসাইকেলে করে ফকিরহাট বাজারে গেলে তাকে কৌশলে অপহরণ করে একটি চক্র। পরবর্তীতে তারা সৈকতের বাড়িতে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এঘটনায় তার মা থানা পুলিশকে জানায়। ফকিরহাট মডেল থানার সিনিয়র এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ স্থানীয়দের সহায়তায় সৈয়দ মহল্লা গ্রামের মাজেদ কাজীর ছেলে দেলোয়ার কাজীর বাড়ি থেকে গতকাল সোমবার দুপুরে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে মোবাইল সিমকার্ড একটি লোহার রড জব্দ করা হয়। সোমবার রাতে অপহৃতের বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার সকালে রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অপহৃতের মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নাটকীয় অপহরণের ঘটনায় স্থানীয়দের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ শেখ অপহৃত স্কুলছাত্র ও মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসএস