নিষিদ্ধ স্টিভেন স্মিথের পরিবর্তে আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ২৬ বছর বয়সী ক্লাসেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যেই নিজের সফলতা প্রমাণ করেছেন।
টি-টোয়েন্টিতে ৪৪ ইনিংসে ক্লাসেনের স্ট্রাইকরেট ১৪৬। কুলদ্বীপ যাদব ও যুগবেন্দ্র চাহালের মতো স্পিনারদের মোকাবিলায় গুটিকয়েক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের মধ্যে ক্লাসেন নিজেকে প্রমাণ করেছেন।
৫০ লাখ রুপির ভিত্তি মূল্যে রয়্যালসে নাম লিখিয়েছেন ক্লাসেন। জানুয়ারিতে খেলোয়াড় নিলামে তিনি অবিক্রীত ছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে এক বছরের ঘরোয়া ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া স্মিথের স্থানে এখন রাজস্থানে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ক্লাসেনের সামনে। এদিকে আদালতের বিধিনিষেধের কারণে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে নিয়েও দারুণ দুশ্চিন্তায় রয়েছে রয়্যালস।
ইত্তেফাক/রেজা