মুস্তাফিজের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন নাফিস ইকবাল

নাফিস ইকবাল। বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের বড় ভাই। তামিমের আগেই জাতীয় দলে অভিষেক হয় নাফিসের। এখন অবশ্য মাঠের খেলা ছেড়ে টিম ম্যানেজমেন্টেই বেশি স্বাচ্ছন্দবোধ করেন নাফিস। তিনি মঙ্গলবার এবার যোগ দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তাবুতে।
 
কেননা ফ্রাঞ্চাইজিটির হয়ে আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন কাটারমাস্টার খ্যাত বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্সেরও কোচ। বাংলাদেশের এ তরুণ পেসারকে সহযোগিতা করতে, তার দেখভালের জন্য মুম্বাইয়ে তাই নাফিসকে ডেকে নেন মাহেলা। তিন সপ্তাহ মুম্বাই ইন্ডিয়ান্সে মুস্তাফিজের পাশে থাকবেন নাফিস।
 
খুলনা টাইটান্সের উপদেষ্টা হাবিবুল বাশার সুমন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। মুস্তাফিজকে সাহায্য করা ছাড়াও নাফিস ইকবালের মুম্বাই যাওয়ার আরেকটি বড় উদ্দেশ্য রয়েছে। সেটি হচ্ছে আইপিএলের পরিবেশ, দলগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা। 
 
বিপিএলে খুলনা টাইটান্সের ম্যানেজার হিসেবে টানা দুই মৌসুম কাজ করেছেন নাফিস ইকবাল। মূলত মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনেই ডেকে পাঠিয়েছেন তাকে। খুলনা টাইটান্স কর্তৃপক্ষও সুযোগ হাতছাড়া করেনি। আইপিএলের পরিবেশ ও সামগ্রিক বিষয়ে ধারণা নিতে জয়াবর্ধনের অনুরোধে নাফিসকে পাঠিয়েছে দলটি।
 
ইত্তেফাক/রেজা