কিশোরগঞ্জে প্রশ্নফাঁস প্রতারক চক্রের সদস্য আটক

প্রশ্নফাঁস প্রতারক চক্রের সদস্য জাকির হোসেন ওরফে হৃদয় ওরফে জয় খান(২০) মঙ্গলবার দুপুরে র‌্যাবের হাতে আটক হয়েছে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার ভাবুন্দিয়া গ্রামের মো: জয়নাল আবেদীনের পুত্র এবং সরকারি গুরুদয়াল কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। তাকে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা যশোদল বাজার থেকে আটক করে।
 
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক( কোম্পানী কমান্ডার) লে: বিএন এম শোভন খান জানান, আটককৃত জাকির চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করবে বলে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করছিল। এই তথ্য র‌্যাবের নিকট আসার পর ছাত্র সেজে ফাঁদে ফেলে তাকে আটক করা হয়।
 
তিনি আরো বলেন, ইতিপূর্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন এ্যাপস ব্যবহার করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে একটি চক্রের সাথে সে কাজ করেছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে র‌্যাবসূত্র জানায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/রেজা