গত ২ বছর আগে খাল খননের সময় তেরখাদা উপজেলার গুরুত্বপূর্ণ জয়সেনা-গাজীরহাট সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দিলেও ভাঙন রোধে আজও ব্যবস্থা নেয়া হয়নি। চিত্রা খাল খননে সতর্কতা অবলম্বন না করায় এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন এলজিইডি দপ্তরের কয়েকজন কর্মকর্তা।
জানা গেছে, সড়কের ২০টিরও বেশি স্থানে ভাঙন লেগে চলাচলে দারুণভাবে ঝুঁকি বাড়ছে। এর মধ্যে ৩টি স্পটে খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ভাঙন রোধে আদৌ ব্যবস্থা নেয়া হবে, কি হবে না তাও কেউ জানে না। সড়কের ৩টি স্থানে প্রায় ১০০ ফুটেরও বেশি জায়গা নিয়ে চিত্রা খালের গর্ভে বিলীন হয়ে গেছে। আরও কয়েকটি জায়গা জুড়ে সড়কে ফাটল দেখা দিয়েছে। জয়সেনা-গাজিরহাট সড়কের এই অংশের পাকাকরণের কাজ সম্পন্ন হওয়ার কিছুদিন পর থেকেই এ অবস্থার সৃষ্টি হয়। তেরখাদার উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি দেখা দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সুযোগ ও সুবিধা বেড়ে যায়। অসাবধানতার কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়ায় জনসাধারণের চলাচলে ঝুঁকি বাড়ছে। জনমনে আবারও হতাশার জন্ম দিয়েছে। ভাঙনকবলিত স্থানে পাইলিং করা জরুরি প্রয়োজন। অন্যথায় সড়কের আরও জায়গায় ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তেরখাদার পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের মানুষের দাবি উঠেছে বিলীন হয়ে যাওয়া সড়কটুকুর মেরামত কাজ দ্রুত সম্পন্ন করা এবং খালের ঝুঁকিপূর্ণ অংশে পাইলিং এর ব্যবস্থা করা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সড়কের এ সমস্যা দ্রুত সমাধানের জন্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। এখন সময়ের ব্যাপার মাত্র।
ইত্তেফাক/নূহু