ইতালির ভেনিসে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালীর ভেনিসে বিএনপির উদ্যোগে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেনিসের মেসেরে একটি রেস্টুরেন্টে ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুজিব হলের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থনীতিবিদ শহিদুজ্জামান কাকন।

আলোচনা সভায় অংশ নেন ভেনিস বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন,  বিএনপি নেতা শামিম দেওয়ান, রফিকুজ্জামান ঠাকুর, জাহাঙ্গীর আলম, এরফান মাষ্টার, ইউনুস আলী, কবির আহম্মেদ, আব্দুল মোতালেব, ফারুক হোসেন, কাজী বিপ্লব, কামরুজ্জামান সাফি প্রমুখ।

শহিদুজ্জামান কাকন বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অনন্য ভুমিকার কারনে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ তাকে বীরের মর্যাদায় অভিষিক্ত করে রাখবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে মুছে ফেলার জন্য বর্তমান সরকার নানামুখী ষড়যন্ত্র করছে। তবে কোন লাভ হবে না।

কাকন আরো বলেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজানো মামলায় জেলে ঢুকিয়েছে। তারেক রহমানকে দেশের বাইরে রেখে ও বেগম জিয়াকে জেলে রেখে পাতানো নির্বাচনের নীল নকশা করছে। বেগম জিয়াকে ছাড়া দেশবাসী কোন নির্বাচন মেনে নিবে না। পাতানো নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।

ইত্তেফাক/নূহু