শত কোটি টাকার সরকারি সম্পত্তি দখলমুক্ত

ঢাকার মোবাইল কোর্ট বুধবার অভিযান চালিয়ে ৫.৭৪ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করেছে। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। মতিঝিল রাজস্ব সার্কেলের অধীন দক্ষিণগাও মৌজাস্থ রাজারবাগ এলাকায় এ জমি অবস্থিত। অর্পিত সম্পত্তির 'ক' তফশিলে অন্তর্ভূক্ত এ সম্পত্তি উন্মুক্ত জলাশয়। 
 
ঢাকা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি কুচক্রি মহল উক্ত সম্পত্তি অবৈধ দখলের জন্য রাজারবাগ কবরস্থান নামে ভূয়া সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ও রাতের আধারে মাটি ভরাট করতে থাকে। ভরাটকৃত মাটিতে স্থাপনা নির্মানের জন্য ইট, বালুসহ নানা নির্মান সামগ্রী জড়ো করে। কিছু অংশে টিনের বেড়া দিয়ে নির্মান কাজ চালানো হচ্ছিল। 
 
মোবাইল কোর্ট অবৈধ সাইন বোর্ডসহ টিনের বেড়া ও অন্যান্য নির্মান সামগ্রী অপসারণ করে। দখলদারদের কাউকে না পাওয়া যাওয়ায় মোবাইল কোর্ট আটককৃত সামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ নিলাম ডাককারীর নিকট বিক্রি করে দেয়। অভিযানের পর জমিকে সরকারি সম্পত্তি হিসেবে বিজ্ঞপ্তি টানিয়ে এতে প্রবেশ, মাটি ভরাট ও নির্মাণ কাজ নিষিদ্ধ করে দিয়েছে। 
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। এসময় সবুজবাগ থানার ওসি, পুলিশ ফোর্স, মতিঝিল রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার, মতিঝিল ভূমি সহকারি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই