পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ ৩ দালাল গ্রেফতার

রাজশাহী মহানগরীতে পাসপোর্ট করতে এসে গ্রেফতার হয়েছে এক রোহিঙ্গা তরুণী ও তিন দালাল। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকার রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ওই তরুণী পাসপোর্ট করার জন্য আসলে অফিসের লোকজন বুঝতে পেরে তাকে আটক করেন। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় তিন দালালকেও গ্রেফতার করা হয়েছে। 
 
আটক তরুণীর নাম জায়নুল (১৬) বলে জানিয়েছেন নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির। এ সময় পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে তিন দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দালালরা হলেন, ফয়সাল ফাহিম (৩৫), মাসুম (২৭) ও সুলতানা (২৫)।   
 
ওসি হুমায়ন কবির জানান, ওই রোহিঙ্গা তরুণী দুপুরের পর নিজের পাসপোর্ট করার উদ্দেশ্যে পাসপোর্ট অফিসে প্রবেশ করেন। এ সময় অফিসের লোকজন ওই তরুণীকে সন্দেহ করেন। পরে অফিসের লোকজন জানতে পারেন ওই তরুণী রোহিঙ্গা। পরে ওই তরুণীকে সহায়তায় জড়িত আরো তিনজনকে অফিসের লোকজন আটক করেন। 
 
ওসি জানান, প্রাথমিকভাবে রোহিঙ্গা ওই তরুণী তার নাম জায়নুল বলে জানিয়েছে। তার কোন কথাই বোঝা যাচ্ছে না। এ বিষয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি