পরিত্যক্ত গোলা বিস্ফোরণে নারীর দেহ ছিন্নভিন্ন, আহত ৩

ঘাটাইলের মাইধারচালা এলাকায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত গোলার বিস্ফোরণে ময়না খাতুন (২৫) নামে নারী মারা গেছেন। তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ঘাটাইল সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন পিপিএম ও এলাকাবাসী জানায়, উপজেলার দিগড় ইউনিয়নের মানাজি মাইধারচালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে ময়না খাতুন (২৫) ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মাইধারচালা লং ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে ব্যাগে করে পরিত্যক্ত গোলার খোসা ও অবিস্ফোরিত গোলা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন।
 
বাড়ির লোকজন গোলাটি দেখতে যায়। ময়না গোলা উপর থেকে মাটি পরিষ্কার করার সময় তা বিস্ফোরণ হয়। এতে ময়নার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
এ ঘটনায় আহত হন আরো তিনজন। তারা হলেন- উপজেলার মানাজি মাইধারচালা জয়েন উদ্দিন (৬০) তার ভায়রা কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক (৫২) ও মানাজি মাইধারচালা মো. শরীফ  (৪০) নামে এক কাঠমিস্ত্রী। আহতদের ঘাটাইল সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে স্থানীয়রা জানিয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি