নওগাঁয় অস্ত্রসহ দুই জেএমবি আটক

নওগাঁর নিয়ামতপুর থেকে অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই এহসার সদস্যকে আটক করেছে বগুড়া ও নওগাঁর গোয়েন্দা পুলিশ। একজনের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
মঙ্গলবার রাতে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার রেলস্টেশন এবং নওগাঁ নিয়ামতপুর উপজেলার বালিচাদ গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার বানেশ্বর গ্রামের রফিক উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২৫) এবং নিয়ামতপুর উপজেলার চককিচক গ্রামের রোস্তম আলীর ছেলে জামিলুর (৩৮)।
 
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সান্তাহার রেলস্টেশন থেকে প্রথমে মোশাররফকে আটক করা হয় । এরপর মোশাররফের দেয়া তথ্য মতে ওই রাতেই নিয়ামতপুরের বালিচাদ গ্রামে নওগাঁ গোয়েন্দা পুলিশের সহযোগিতায় শ্বশুরবাড়ি থেকে জামিলুরকে আটক করা হয়।
 
জামিলুরকে আটক করার সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানান নুরে আলেম। তিনি আরও বলেন, জামিলুর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলার এবং মোশাররফ মান্দা উপজেলার দায়িত্বপ্রাপ্ত এহসার সদস্য।
 
নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, বগুড়া গোয়েন্দা পুলিশের উপ-পরিদশক (এসআই) ফিরোজ আহম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নিয়ামতপুরে থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের আগামীকাল বৃহস্পতিবার আদালতের সোপর্দ করা হবে। এদের সাথে কারা জড়িত তা উদ্ঘাটনের জন্যে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি