দোহার উপজেলায় রাস্তার দুই পাশে ফুটপাতের উপর অবৈধ স্থাপনায় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পুলিশ, উপজেলা প্রশাসন এবং দোহার পৌর কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, দোহার পৌরসভার প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা এ বি এম জাকারিয়া, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টিপু প্রমুখ।
উচ্ছেদ অভিযানে উপজেলার জয়পাড়া থানার মোর হতে জয়পাড়া বাজারের ওয়ান ব্যাংক মোর পর্যন্ত ১ কিলোমিটার এলাকায় রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, যানযট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, এখন থেকে নিয়মিত দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়াকে পরিষ্কার এবং যানযট মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ইত্তেফাক/আরকেজি