লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছেন আবাহনীর নাসির হোসেন হোসেন ও নাজমুল হোসেন শান্ত। সেই সুবাদে আজ বৃহস্পতিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতে ব্যাট করে ৩৭৪ রানের বিশাল পাহাড় গড়েছে দলটি।
চলতি মৌসুমে আবাহনীর অধিনায়ক নাসিরকে যেন ব্যাটিংয়ে খোঁজই পাওয়া যাচ্ছিল না। ১৬ ম্যাচে ৩৫.৪০ গড়ে ৫৩১ রান। তিনটি ফিফটি পেয়েছেন। তবে সময়মতো শিরোপা নির্ধারণী ম্যাচে জ্বলে ওঠেছেন তিনি। এদিন তিনবার ক্যাচ তুলেও ভাগ্যক্রমে বেঁচে যান নাসির। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে ৭৯ বলে করলেন সেঞ্চুরি। মেরেছেন ১৫টি চার ও চারটি ছক্কা। আউট হয়েছেন ১২৯ রান করে।
একইদিনে আবাহনীর পক্ষে সেঞ্চুরি করেছেন শান্ত। ১১ চার আর ২ ছক্কার মারে ১০৭ বল থেকে ১১৩ রান করেছেন তিনি। এটি লিগে শান্ত’র দ্বিতীয় সেঞ্চুরি। একইসঙ্গে ১৬ ম্যাচে ৭৪৯ রান করে এনামুলকে টপকে এবারের লিগে সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। এছাড়া এনামুল হক বিজয় করেছেন ৫৭ রান। রূপগঞ্জের পারভেজ রসুল তিনটি ও মোহাম্মদ শহীদ দুটি উইকেট নেন।
রূপগঞ্জও অবশ্য কম যায়নি। ৩৫.৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে ২৩৭ রান তুলে ফেলেছে তারা।
ইত্তেফাক/কেআই