জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের কামারখন্দে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধা নারীসহ অন্তত ১৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খামার বড়ধুল পূর্বপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খামার বড়ধুল পূর্বপাড়া গ্রামের জুড়ান আলীর ছেলে জহুরুল ইসলামের সাথে একই গ্রামের বেলাল আলীর ছেলে শামসুল ও তার ভাইদের বিরোধ চলে আসছিল। এনিয়ে গ্রামে একাধিকবার বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ওই জমিতে ঘর তুলতে যায় জহুরুল ইসলাম। এতে শামসুল ইসলামের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালায় জহুরুল ইসলামের লোকজন। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বৃদ্ধা নারীসহ অন্তত ১৫জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি