এইচএসসি পরীক্ষা: গাজীপুরে বদলী পরীক্ষা দিতে গিয়ে যুবক আটক

গাজীপুর জেলা শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর বদলী পরীক্ষা দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। তার নাম ইয়াসিন আরাফাত (২৪)। তিনি নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বরদই গ্রামের হাবিব উল্লাহর ছেলে।
 
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা জানান, বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রে এইচএসসির ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এসময় ওই কেন্দ্রের একটি কক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মানবিক শাখার সুব্রত মজুমদার নামের এক পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে বদলী পরীক্ষা দিচ্ছিল ইয়াসিন। প্রবেশপত্রে লাগানো ছবিটির সঙ্গে ইয়াসিনের মিল না থাকার বিষয়টি কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষকের নজরে আসে। বিষয়টি তাকে জানালে তিনি যাচাই-বাছাই করে ওই ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হলে ইয়াসিন বদলী পরীক্ষা দেয়ার কথা স্বীকার করেছে।
 
পরে ভুয়া পরীক্ষার্থীকে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৩ ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি