নগরীর বটতলা মুনসুর কোয়ার্টার এলাকা থেকে রুমা আক্তার (৩২) নামের পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার রাজ্জাক খানের মালিকানাধীন বহুতলভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুমা বিএমপিতে কর্মরত কনস্টেবল এরশাদুল ইসলামের স্ত্রী ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হারুন হাওলাদারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কেউ কিছুই জানাতে পারেন নি। এছাড়া ঘটনার সময় আড়াই বছরের এক শিশু সন্তান ছাড়া বাসায় কেউ ছিলেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি তদন্ত আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে ফ্যানের সাথে ওড়না দিয়ে পেচানো মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি