কারাগারে বসেই হত্যা মামলার আসামি পরীক্ষা

টাঙ্গাইল জেলা কারাগার থেকে হত্যা মামলার এক আসামি এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তানভীর ইসলাম আবির নামের ওই পরীক্ষার্থী আসামির বাড়ি জেলার বাসাইল উপজেলার বর্ণি কিশোরী গ্রামে। কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়টি কলেজের প্রিন্সিপাল ড. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার জেলা কারাগারে আবির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশ গ্রহণ করে।
 
আবির ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা কাশিল ইউনিয়নের নাকাছিম গ্রামের আলম বেগ হত্যা মামলার ঘটনার সে ১০ নম্বর আসামি। মামলার পর পরই ওইদিন আবিরকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠান। আদালতে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।
 
জানা যায়, আবির জেলার বাসাইল উপজেলার ‘বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ’ থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। ২০১৮ সালে অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য পুনরায় বোর্ডে রেজিস্ট্রেশন করে। যার রোল-৩৬৫৩৭৯ এবং রেজিস্ট্রেশন নম্বর- ১২১০৭৪২৪৬৯। এদিকে আবির কারাগারে থাকায় পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে তার পরীক্ষায় অংশ গ্রহণের জন্য টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালত তাকে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুমতি দেন। জেলা কারাগারে পাবলিক পরীক্ষা বিধির সকল আইন মেনে আবিরের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা গ্রহণ করা হচ্ছে জানিয়ে পরীক্ষা পর্যবেক্ষক ভজন কুমার বিশ্বাস বলেন, সকল আইন মেনে এবং নিরাপত্তার মধ্যদিয়েই আবিরের পরীক্ষা নেয়া হয়। আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য আবিরে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষাও নেয়া হবে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/আরকেজি