খুলনায় অগ্নিকাণ্ডে ফার্নিচার মার্কেটের ১৪ দোকান পুড়ে ছাই

খুলনায় ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
 
আজ শুক্রবার ভোর ৫টার দিকে নগরীর পশ্চিম রূপসা এলাকার খানজাহান আলী রোডের সিঙ্গার শো রুমের বিপরীতের ফার্নিচার মার্কেটে মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সকাল ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়।
 
স্থানীয় বাসিন্দা মিজান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে মশার কয়েল থেকে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের   সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। একে একে ফার্নিচার মার্কেটের দোকানগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফার্নিচার মার্কেটের কালামের দোকানের কর্মচারী কুতুব উদ্দিন বলেন, খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এতে আমার মালিকের দোকান, হানিফ, ইসমাইল, হারুন, রুবেল, শহিদুল, রফিকুলের দোকানসহ ১৩/১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
 
নগরীর টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের স্টেশনের দুইটি ও বয়রা স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থানে যায়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/এসএস