ভারতে কারাভোগ শেষে শিশুসহ ১৭ নারী দেশে ফিরেছে

দুবছর ভারতে কারাভোগ শেষে শুক্রবার সন্ধ্যায় শিশুসহ ১৭ নারী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। দেশে ফিরে আসা নারীরা যশোরের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যায়।
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, দেশে ফিরে আসা নারীরা দুবছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে যশোরের বিভিন্ন পথে ভারতে যায়। ভারতের মুম্বাই শহরে যাওয়ার পর সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।
 
শুক্রবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল পুলিশ শিশুসহ ১৭জন নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। দেশে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পোর্ট থানা থেকে এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/আরকেজি