গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের অভিযোগে রায়হান নামে এক ছিনতাইকারীকে আটক করে জনতা জিআরপি পুলিশে সোর্পদ করেছে। আটক ছিনতাইকারীকে ছিনিয়ে নিতে ছিনতাইকারী দল গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়িতে হামলা করে। শুক্রবার বিকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে চলাচলকারী ঢাকাগামী কমিউটার-২ ট্রেনটি বিকাল ৪টার দিকে ময়মনসিংহ জংশন থেকে ছেড়ে আসে। বিকাল পৌনে পাঁচটার দিকে ট্রেনটি বালিপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ৭/৮জনের একদল ছিনতাইকারী ট্রেনটির ছাদে ভ্রমণরত যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩০/৩৫ যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ষোলহাসিয়া কাজিবাড়ি এলাকায় ছিনতাইকারী দল ছিনতাই শেষে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ার সময় ট্রেনের যাত্রীরা রায়হান (২৬) এক ছিনতাইকারীকে আটক করে। পরে ট্রেনটি গফররগাঁও স্টেশনে যাত্রী বিরতির সময় যাত্রীরা আটক ছিনতাইকারী রায়হানকে গফরগাঁও জিআরপি ফাঁড়ির রেল পুলিশের কাছে সোর্পদ করে। বিকাল সাড়ে পাঁচটার দিকে ৮/৯জনের একদল সংঘবদ্ধ ছিনতাইকারীদল রায়হানকে ছিনিয়ে নিতে জিআরপি ফাঁড়িতে হামলা চালায়। এ সময় জিআরপি ফাঁড়ির কর্তব্যরত রেল পুলিশ ফাঁড়ির দরজা-জানালাবন্ধ করে নিজেদের আত্মরক্ষা করে। এ সময় ছিনতাইকারীদল ট্রেনে ছিনতাইয়ের শিকার হওয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে অবস্থানরত বিচারপ্রার্থী যাত্রীদের মারধর করে।
ময়নমনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান জানায়, আটক ছিনতাইকারীকে যাতে ছিনিয়ে নিতে না পারে সেজন্য রায়হানকে দ্রুত ময়মনসিংহ জিআরপি থানায় পাঠানোর জন্য গফরগাঁও জিআরপি ফাঁড়িকে নির্দেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি