রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের ১০ নম্বর ডিপি পুলিশ ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিষ কুমার পাল (২৪) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার সময় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়।
এব্যাপারে রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১১টা নাগাদ আশিষ কুমার পাল ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলো। সেই সময় আকস্মিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এর আগেই ঘটনার সাথে সাথে সেখানে কর্মরত থাকা পুলিশের কনস্টেবল আশিষ কুমার পাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পুলিশ সুপার জানান, শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। পুলিশ সুপার জানান, আগুনের কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় পুলিশের অস্ত্র-গোলাবারুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা সকলেই অক্ষত রয়েছে।
ইত্তেফাক/এসএস